ছদ্মবেশে ছেলেদের ব্যান্ডে যোগ দিয়ে কিশোরীর দুঃখপ্রকাশ

ছেলেদের ব্যান্ডে যোগ দেওয়ার জন্য ছদ্মবেশ নিয়ে ‘ভক্তদের সঙ্গে প্রতারণা’ করায় এক চীনা কিশোরী ক্ষমা চেয়েছে।

বিবিসি জানায়, ফু জিয়াউয়ান নামের ১৩ বছরের ওই কিশোরী জনপ্রিয় ম্যানেজমেন্ট কোম্পানিকে নিজের সম্পর্কে মিথ্যা দিয়েছিল। কারণ হিসেবে তার ‘কম বয়স ও অজ্ঞতা’কে দায় দেওয়া হচ্ছে।

যদিও ওয়াইজিএন ইয়ুথ ক্লাবের একটি ক্যাম্পে অংশ নেওয়া ফু আনুষ্ঠানিক কোনো সদস্য ছিল না। তার প্রশিক্ষণ ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পায় ভক্তরা।

একজন ইন্টারনেট ব্যবহারকারী বিষয়টি তুলে ধরলে ফু বলতে বাধ্য হন সে আসলেই একজন মেয়ে।

১১ থেকে ১৩ বছরের কিশোরদের চ্যালেঞ্জপূর্ণ প্রশিক্ষণের জন্য নিয়ে থাকে ওয়াইজিএন ইয়ুথ ক্লাব। যেখানে গান ও নাচে তালিম নিয়ে তারা ভবিষ্যৎ আইকনে পরিণত হয়।

ম্যানেজমেন্ট সংস্থা জানায়, ভুলবশত এমনটা হয়ে গেছে। কারণ করোনা মহামারির কারণে এবার অনলাইনে অডিশন নেওয়া হয়েছে। তবে তারা ভবিষ্যতে এ নিয়ে খুবই সতর্ক থাকবে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে।

অবশ্য বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে দেখছে না অনেকে। তারা মজা করে ফু’র সঙ্গে চীনা লোককাহিনির নায়িকা মুলানের তুলনা টেনেছেন।

কিংবদন্তি অনুসারে, পুরুষের ছদ্মবেশ নিয়ে তরুণী মুলান তার পরিবার ও দেশকে রক্ষা করতে যুদ্ধ করে। ডিজনির লাইভ অ্যাকশন সিনেমার মাধ্যমে ইতিমধ্যে এ গল্প বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

আবার কেউ কেউ চান ফু জিয়াউয়ান দলটির সঙ্গে পারফর্ম করুন। চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে সর্বোচ্চ লাইক পাওয়া এক মন্তব্যে বলা হচ্ছে, আজকালকার আইডলদের চেহারা বিভ্রান্তিকর। তাই এই কিশোরীকে দলে সুযোগ দেওয়া হোক। তবে সপ্তাহের শুরুতে উইবোতে ‘দুঃখপ্রকাশ’ করে ফু জানায়, চিরতরে বিনোদন জগৎ ছেড়ে যাচ্ছে।