করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ঘোষিত ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনকারী ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) স্বীকৃতি দেবে বাংলাদেশ ব্যাংক। ১৩টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠান এই স্বীকৃতি পাচ্ছে বলে জানা গেছে। আগামী ২০ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে স্বীকৃতপত্র তুলে দেওয়া হবে।
স্বীকৃতি পেতে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সরকারি খাতের অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে ইউসিবিএল, প্রিমিয়ার, উত্তরা, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি, ব্যাংক এশিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ইস্টার্ন ও ব্র্যাক। চার আর্থিক প্রতিষ্ঠান হলো আইপিডিসি, আইডিএলসি, লংকাবাংলা ও ইউনাইটেড ফাইন্যান্স।
গত বছরের ১৩ এপ্রিল সিএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য এই তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। তহবিলের ঋণের সুদহার ৯ শতাংশ। তবে গ্রাহকদের দিতে হচ্ছে ৪ শতাংশ। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে। এই ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) আলাদা লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এই তহবিল থেকে গত অর্থবছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয়। এর মধ্যে এই ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ ঋণ বিতরণ করতে সক্ষম হয়। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, প্রথমে এই ঋণ দিতে ব্যাংকগুলো তেমন আগ্রহী ছিল না। এরপরও যারা লক্ষ্য পূরণ করেছে, তাদের স্বীকৃতি দেওয়া হবে। যাতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ছোট উদ্যোক্তাদের ঋণ দিতে আগ্রহী হয়। যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণের লক্ষ্য ১০ কোটি টাকার বেশি ছিল, তাদের মধ্য থেকে এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাছাই করা হয়েছে।