অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন ব্রেট লি

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে জল্পনা-কল্পনাও শুরু হয়ে গেছে— কার হাতে শিরোপা উঠবে তা নিয়ে।

শিরোপা পুনরুদ্ধার করতে চায় ভারত-ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া চায়, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে।

অজিদের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগও দেখছেন সাবেক গতিতারকা ব্রেট লি। ৪৪ বছর বয়সী তারকা জানান, এবারের অস্ট্রেলিয়া দলটি নিজেদের ইতিহাসের অন্যতম সেরা। তাদের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। পাশাপাশি ভারত-ইংল্যান্ডকে ফেবারিটের তালিকায় রাখছেন ব্রেট লি।  

তিনি বলেন, ‘আমি মনে করি, এটি সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা স্কোয়াডগুলোর মধ্যে একটি। দলের সেরা তারকারা থাকলে দৃশ্যপট পাল্টে যায়। বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে অজিরা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার দারুণ সুযোগ রয়েছে।’

সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে অবশ্য দুশ্চিন্তা করতেই হচ্ছে অস্ট্রেলিয়াকে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজে হেরেছে তারা। তবে এসব ভুলে ওমান ও আরব আমিরাতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অজিরা ভালো করবে মনে করছেন ব্রেট লি।

ভারত-ইংল্যান্ডকে ফেবারিট মানলেও নিজের দেশকেও শিরোপাজয়ীদের সম্ভাব্য তালিকায় রাখছেন সাবেক এই পেসার, ‘ভারত অবশ্যই সেরা ক্রিকেটটাই খেলবে এবং তাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। আমি একজন দেশপ্রেমিক, তাই আমি চাই অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতুক।’

ব্রেট লি আরও বলেন, ‘ভারত অবশ্যই ফাইনালে উঠবে। সেই সঙ্গে আমি মনে করি, অস্ট্রেলিয়ারও সেরা সুযোগ আছে। অভিজ্ঞতার কারণে ইংল্যান্ড দল বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আমার কাছে ভারত বেশি ফেবারিট।’

ওয়ানডেতে পাঁচবা বিশ্বকাপ জিতলেও এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি অস্ট্রেলিয়া। ২০১০ সালের আসরের ফাইনালে তাদের সেই স্বপ্ন ভেঙে দেয় ইংল্যান্ড।