‘এমবাপ্পের বিষয়টি উন্মুক্ত এবং যে কোনো কিছুই হতে পারে’

কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ প্রসঙ্গে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বললেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। তার কথায়, ‘এমবাপ্পের বিষয়টি উন্মুক্ত এবং যে কোনো কিছুই ঘটতে পারে।’

রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এমবাপ্পে ভালো আছে। সে খুব মিশুক ও শান্ত একটা ছেলে। সবকিছু সম্পর্কে নিজের ভাবনায় সে পরিষ্কার এবং ফুটবল ভালোবাসে। ২২ বছর বয়সের তুলনায় সে খুব পরিণত।’

‘যে সিদ্ধান্ত নেওয়া দরকার, কিলিয়ান তা নেবে এবং ক্লাব তাকে ধরে রাখার জন্য সবকিছু করবে। কারণ, আমরা ২২ বছর বয়সী বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে নিয়ে কথা বলছি।’

এ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি এমবাপ্পের। এরপর তিনি ক্লাব ছাড়বেন কিনা সেটি নিয়ে কৌতূহল তুঙ্গে। রিয়াল মাদ্রিদ তো অনেক আগে থেকেই ফরাসি তরুণকে দলে ভেড়াতে উদ্‌গ্রীব হয়ে আছে।

পচেত্তিনো বলেন, ‘এমবাপ্পের বিষয়ে সবকিছু উন্মুক্ত এবং ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে। কয়েক মাস আগের অবস্থান ভবিষ্যতে পরিবর্তন হতে পারে।’

‘ক্লাব হিসেবে পিএসজির অবশ্যই তাকে রাজি করানোর এবং প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ও সামর্থ্য আছে, যাতে সে এখানে থাকে এবং সুখে থাকতে পারে। তার মন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।’