সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশের বরিশালের এক শিশুর লেগ স্পিনের ভিডিও। যা নজরে এসেছে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারের। ৬ বছর বয়সী লেগির ভিডিওতে রীতিমতো মুগ্ধ তিনি।
শুধু শচিনই নন, বর্তমান সময়ের অন্যতম সেরা লেগি রশিদ খানও মুগ্ধ বরিশালের শিশুটির লেগ স্পিনে।
নিজের ফেইসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রামে সেই শিশুর ভাইরাল ভিডিওটি পোস্ট করেছেন টেন্ডুলকার। ক্যাপশনে লিখেছেন, ‘অসাধারণ! এক বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেলাম। দুর্দান্ত! এ খেলার প্রতি ছেলেটার ভালোবাসা স্পষ্টই!’
টেন্ডুলকারের পোস্টের নিচে মন্তব্য করেন রশিদ খান। আফগানিস্তানের তারকা বোলার আগুনের ইমোজি দিয়ে প্রশংসা করেছেন আসাদুজ্জামানের দক্ষতার।
ভিডিওতে দেখা যায়, বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বোলিং করছে আসাদুজ্জামান। বাংলাদেশে আগেই ভাইরাল হয়েছিল সেই ভিডিও। যা দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস।