ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া’র অভিযোগে করা একটি মামলায় চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট। ১১ দিন আগে অভিযোগপত্রটি জমা দিলেও গতকাল বৃহস্পতিবার তথ্যটি জানান সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোতালেব হোসেন।
২০১৮ সালের ১৯ এপ্রিল মাসিক পত্রিকা আল বাইয়েনাত সম্পাদক মাহবুব আলম বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলায় অভিযুক্ত অন্য দু’জন হলেন উইমেনচ্যাপ্টার ওয়েবসাইটের সম্পাদক সুপ্রীতি ধর এবং ভারপ্রাপ্ত সম্পাদক সুচিস্মিতা সিমন্তী। ওই একই ওয়েবসাইটের উপদেষ্টা লীনা হককে অব্যাহতির সুপারিশ করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল নিশাত জানিয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তদন্ত করে আমরা তিনজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছি। আর নাম-ঠিকানা না পাওয়ায় একজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সেটাই চার্জশিটে বলেছি। এখন আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
মাহবুব আলমের আইনজীবী হুজ্জাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননার অভিযোগ’ উত্থাপন করে মামলাটি দায়ের করা হয়েছিল। পুলিশ মামলায় চার্জশিট দিয়েছে। এখন আদালতে অভিযোগ গঠনসহ অন্যান্য প্রক্রিয়া শুরু হবে।