সাংবাদিকদের তথ্যমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একটি চিহ্নিত মহল হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার নানুয়া দীঘির ঘটনা ঘটিয়েছে। অতীতে যারা পদ্মা সেতু নিয়ে নানা ধরনের গুজব রটিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই একই মহল এবারের ঘটনা ঘটিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে এবং একে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে গুজব রটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলব, আপনারা নির্ভয়ে নির্বিঘেœ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন করুন, জনগণ ও সরকার আপনাদের পাশে আছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে স্থাপিত হয়েছে এটি অনেক দেশের জন্য উদাহরণ। এ দেশ রচিত হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে। একটি অসাম্প্রদায়িক দেশ রচনা করার জন্যই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ রচিত হয়েছে। কিন্তু যে একটি মহল আমাদের এ দেশ রচনার বিরুদ্ধাচারণ করেছিল তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক সেটি চায় না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘গত কয়েক বছরের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, এগুলোর পেছনে হীন-উদ্দেশ্য ছিল যেগুলো সরকার কঠোর হাতে দমন করেছে। কুমিল্লায় নানুয়া দীঘির পাড়ে যে মন্দিরে কোরআন শরিফ পাওয়া গেছে বলে বলা হচ্ছে সেখানে আমি অনেকের বক্তব্য দেখেছি। সেখানে অত্যন্ত শান্ত একটি পরিবেশে হিন্দু, মুসলিম ভাইরা মিলে শান্তিপূর্ণভাবে যুগ যুগ ধরে বসবাস করছেন। সেখানে রাতের বেলায় মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো মানুষ ছিল না, বাতিও বন্ধ ছিল। সেই পরিস্থিতিতে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে সেটি পুলিশ তদন্ত করছে। আমি নিশ্চিত কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি খুব সহসা বের হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের তৎপরতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সমস্ত দেশে এটির প্রেক্ষিতে গতকাল (বুধবার) যে উত্তেজনা ছড়ানো হয়েছিল, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সেটি কঠোর হাতে দমন করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমি জনগণকে অনুরোধ জানাব, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। আর যারা গুজব ছড়ানোর চিন্তা করছেন বা করেছেন সবাইকে চিহ্নিত করা হবে এবং সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।’