পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ১১শ’ পরিবহন

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার দশমীর দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের ঢল নেমেছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটি, দুর্গাপূজা ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় বিকল্প এ রুটে ভিড় বেড়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়ায় শত শত যানবাহন আসছে। ৩-৫ ঘণ্টা অপেক্ষা করে মিলছে ফেরির দেখা। এতে তীব্র গরমে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন অপেক্ষমাণ যাত্রী ও শ্রমিক।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ছোট-বড় মিলে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করেও হিমশিম খেতে হচ্ছে। শুক্রবার আসলে এমনিতেই যানবাহনের চাপ বেড়ে যায়। তারপরও পূজার শেষ দিনে এ সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়েছে।

আরও বলেন, চাপ বেশি থাকায় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের সঙ্গে কিছু জরুরি কাঁচা পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে। বিকেলে চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী পণ্যবাহী ট্রাক পার হবে।

পাটুরিয়া ঘাটের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস এবং ৩ শতাধিক ব্যক্তিগত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছেই।

এ দিকে শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির বলেন, পাটুরিয়ায় যানজট এড়াতে উথুলি সংযোগ মোড়ে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে গেলে আটকে থাকা পণ্যবাহী ট্রাক সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে।