চেয়ারম্যানের ওপর হামলা প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল আলমের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানসহ তার দুই অনুসারী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শহীদুল্লাহ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (আইসিটি) ফারুক চৌধুরী আহত হন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শাহমীরপুর বাদামতল এলাকায় এ হামলা হয়।

ঘটনার পরপর চেয়ারম্যানের অনুসারী ও স্থানীয় লোকজন হামলার প্রতিবাদে পিএবি সড়কে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় দিকে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র জানায়, বিকেল থেকে বড়উঠান ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে তদারক করেন ইউপি চেয়ারম্যান দিদারুল আলম। রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে চট্টগ্রাম নগরীর বাসায় ফেরার পথে পিএবি সড়কের বাদামতল এলাকায় তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। মোটরসাইকেলে থাকা ওই তিনজনকে এলোপাতাড়ি পিটিয়ে মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চেয়ারম্যানসহ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান খান বলেন, মোটরসাইকেল নিয়ে শহরের বাসায় যাওয়ার সময় চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ধরনের ঘটনা ন্যক্কারজনক।

আহত ইউপি চেয়ারম্যান দিদারুল আলম বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করেছে সন্ত্রাসীরা। হামলাকারীদের বেশ কয়েকজনকে আমি চিনতে পেরেছি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, পূজামন্ডপে হাতাহাতির জের ধরে চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে বলে জেনেছি। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা সড়কে অবস্থান নেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।