আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলায় দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ জগদল গ্রামে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, নিহত ব্যক্তিরা হলেন সবুর মোল্যা (৬০), তার আপন ভাই কবির মোল্যা (৫৫), তাদের চাচাতো ভাই রহমান মোল্যা (৫০) ও ইমরান মোল্যা (৪০)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জগদল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান সদস্য নজরুল হোসেন। আসন্ন নির্বাচনে সৈয়দ আলী নামে এক ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বিকেলে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল আহসান জানিয়েছেন, ‘আহত আরও কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কজনক।’
এ ঘটনার পর থেকে নজরুল হোসেন ও সৈয়দ আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সূত্র জানিয়েছে, সংঘর্ষের পর তারা দুজনই আত্মগোপন করেছেন।
জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, মেম্বার প্রার্থী নজরুল ও সবুর মোল্লার দ্বন্দ্ব দীর্ঘদিনের। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। ইউপি নির্বাচন নিয়ে যা আবার নতুন করে দানা বাঁধে। পাশাপাশি এই সংঘর্ষ হয়।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এক মাস আগে মাগুরা সদর থানায় নজরুল ইসলাম ও সবুর মোল্যাকে ডেকে নিয়ে সালিশ বৈঠক করা হয়। সেখানে দু’পক্ষই কোনো সহিংসতায় জড়াবে না মর্মে মুচলেকা দিয়েছিল। কিন্তু পরে আবার তারা এ সংঘর্ষে জড়িয়েছে।’
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার জহিরুল ইসলাম মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’