খালেদা জিয়ার থেমে থেমে জ্বর আসছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার থেমে থেমে জ্বর আসছে। লিভার, কিডনি সমস্যা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ শারীরিক দুর্বলতা থাকলেও চিকিৎসকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তার এই ক্ষণে ক্ষণে জ্বর আসা। গতকাল শুক্রবার তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান এই তথ্য।

ডা. জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, জ্বর আসার কারণ জানতে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। শুক্রবারও কিছু পরীক্ষা করা হয়েছে। আজ শনিবার দুপুরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বসে পরবর্তী করণীয় ঠিক করবেন।

এদিকে হাসপাতাল সূত্র জানায়, গতকাল খালেদা জিয়ার জ্বর ছিল না। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বিভিন্ন টেস্ট পর্যালোচনা করেছেন। আগের অসুখই তাকে ভোগাচ্ছে। এর মধ্যে লিভার, কিডনি সমস্যা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ শারীরিক দুর্বলতা রয়েছে তার।’

নাম প্রকাশে অনিচ্ছুক জিয়া পরিবারের এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘জ্বরের কারণে মুখে রুচি নেই। খাবার খেতে পারছেন না। বাসা থেকে তরল খাবার পাঠানো হচ্ছে। হাসপাতালের নার্সের পাশাপাশি তার ব্যক্তিগত স্টাফ ফাতেফা ও সুমি রয়েছেন। বেশিরভাগ সময় হাসপাতালের বেডেই থাকছেন। মাঝেমধ্যে হুইল চেয়ারে বসছেন। হাসপাতালে পরিবারের সদস্যদের না যাওয়ার জন্য বলা হয়েছে। তাই স্বজনদের কেউ যাচ্ছেন না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া একা চলাফেরা করতে পারেন না। দু’পাশে দু’জন ধরে তাকে হাঁটাতে হয়। দু’জনের কাঁধে ভর করে নিত্যদিনের জরুরি কাজ সারতে হয়। হাতের আঙুলগুলো বাঁকানোই আছে। এর কোনো উন্নতি হয়নি। এ জন্য নিজের হাতে তুলে খাবার খেতে পারেন না। খাবারেও রুচি নেই তার। এর মধ্যে জ্বর আসায় উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা। পরে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।’

গত ১২ অক্টোবর দ্বিতীয় দফায় চিকিৎসার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দশম তলায় একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে মিলাদ : খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া করা হয়। বিএনপি নেতারা নিজ নিজ এলাকার মসজিদে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চট্টগ্রামে রাজনৈতিক সফরে আছেন। সেখানে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি অংশ নেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার নির্বাচনী এলাকা কুমিল্লার দাউদকান্দিতে জুমার নামাজ আদায় করেন এবং সেখানে দোয়া মাহফিলে অংশ নেন। এছাড়া বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা তাদের নিজ নিজ এলাকার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন।

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে। এতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।