শুক্রবারের যানবাহনই পারাপারের অপেক্ষায় পাটুরিয়া-দৌলতদিয়ায়

যানবাহনের ভিড় কমেনি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। গতকালের যানবাহনই শনিবারও ফেরি পারাপার না হওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এ রুটে। এতে ঘাট এলাকায় শত শত যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন ও জরুরি পণ্যবাহী ট্রাক ভিড়  করছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া ফেরিঘাটের কাছে কয়েক দিন ধরে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ কারণে  ড্রেজিং করে বালু সরানো হচ্ছে। এতে দুই ঘাটের দুটি পকেটে ফেরি ভেড়ানো যাচ্ছে না।

আরও বলেন, শনিবার সকাল থেকে ছোট বড় মিলে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অপরদিকে শিমুলিয়া- বাংলা বাজার নৌরুট বন্ধ  থাকায় এ নৌরুটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।

এদিকে প্রচণ্ড রোদ আর গরমে ঘণ্টার পর ঘণ্টা পারের অপেক্ষায় থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। এতে শিশু, বৃদ্ধ ও নারীরা পড়ছেন সবচেয়ে বিপাকে। আর পণ্যবাহী ট্রাক ১-৩ দিন পর ফেরিতে উঠতে পারছে।

ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার কন্ট্রোল রুমের খবর অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক যাত্রীবাহী বাস, ৩ শতাধিক ব্যক্তিগত যানবাহন এবং ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।