সাম্প্রদায়িক শক্তির উসকানিদাতা হলো বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছে। ক্ষমতা দখলের চেষ্টা করছে। যে কারণে তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকে দিচ্ছে।’
গতকাল শনিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে এ দুঃসময়ে চারদিকে সংকট। বাংলাদেশে ক্ষমতা হারিয়ে যারা আন্দোলন, নির্বাচনে ব্যর্থ হয়ে বারবার ক্ষমতা দখলের পাঁয়তারা করছে তারাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। গত ১২ বছরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। ৩০ থেকে ৩৫ হাজার দুর্গাপূজার ম-পে ছিটেফোঁটা সমস্যাও হয়নি। অথচ এবার কুমিল্লায় পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপশক্তি এই অপকর্ম সৃষ্টি করেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছে। ক্ষমতা দখলের চেষ্টা করছে। যে কারণে তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকে দিচ্ছে। কুমিল্লাসহ বাংলাদেশের বেশকিছু জায়গায় হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে, প্রতিমা ভাঙচুর করেছে, মন্দিরে হামলা করেছে। এই অপশক্তি সবার শত্রু। এদের সমুচিত জবাব দিতে হবে। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।’
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, তথ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা প্রমুখ।