মানিকগঞ্জের সিঙ্গাইরে পাবজি খেলাকে কেন্দ্র করে রাজু (১৩) নামের ৪র্থ শ্রেণির এক ছাত্রকে ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে হামলার শিকার রাজু শনিবার ভোররাতে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজু উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের মোসলেম মিস্ত্রি ওরফে মোছার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, পাবজি খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজুকে বাড়ি থেকে ডেকে নেয় আলিফ। পরে তাকে নিলাম্বরপট্টি এলাকার রূপারচর বাজারের কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতর নিয়ে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় আলিফ ও তার সহযোগীরা। নুরু নামের একজন বাজার থেকে বাড়ি ফেরার পথে কাশবনের ভেতর গোঙানির শব্দ পান। পরে রাজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে ওই রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজুকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন রাজু শনিবার ভোররাতে মারা যায়।
এদিকে রাজুর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত আলিফের বাড়ি ঘেরাও করে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলিফ, তার ভগ্নিপতি মাহমুদ এবং মা হোসনে আরাকে আটক করে।
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ জানিয়েছেন, মাহমুদের কাছ থেকে একটি শটগান জব্দ করা হয়েছে। জব্দকৃত শটগান লাইসেন্স করা বলে পুলিশের কাছে দাবি করছেন মাহমুদ।
গতকাল সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক ও সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছিল।