ভারতীয় সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে জাতিবিদ্বেষমূলক মন্তব্যের জন্য হরিয়ানায় হিসারের পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। তবে কিছু ক্ষণের মধ্যেই অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়া হয়।
গত বছর আরেক ক্রিকেটার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এসে যুজবেন্দ্র চাহালের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন যুবরাজ। এরপরই তার নামে মামলা হয়। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়। খবর: সংবাদ প্রতিদিন
জানা গেছে, কয়েক দিন আগেই এই মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। রবিবার তদন্তের স্বার্থে তিনি হিসারে এসেছিলেন। এ সময় তার নিরাপত্তারক্ষী এবং আইনজীবী সঙ্গে ছিলেন। এরপরই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়।
অভিযোগ, ওই লাইভ প্রোগ্রামে অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেন তিনি। অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।