কারসাজিতেই বেড়েছে পেঁয়াজের দাম : এফবিসিসিআই সভাপতি

একটি মহলের কারসাজিতে পেঁয়াজের দাম বেড়েছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

তার ভাষ্যে, আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পর পরই পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে। মাত্র একদিনের ব্যবধানে এই দাম কমার অর্থ দাম বাড়ানোর পেছনে কারসাজি ছিল। গতকাল নিত্যপণ্যের মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা সম্মানের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে চাই, কোনো কারসাজির প্রশ্রয় মানা হবে না। সংশ্লিষ্টদের কোনো সমস্যা থাকলে আমাদের জানান। আমরা আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করব। অনুষ্ঠানে পাইকার ও আড়তদার পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, আমদানির একটা বড় অংশ আসে ভারত থেকে। সেখানে সম্প্রতি অতিবৃষ্টি আর বন্যায় পেঁয়াজ নষ্ট হয়েছে। আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। তবে শুল্ক কমানোর ঘোষণার একদিনের মাথায় দাম কমা নিয়ে এফবিসিসিআই সভাপতির প্রশ্নের উত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা।

এসময় ব্যবসায়ীদের উদ্দেশ করে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায় লাভ-  লোকসানের হিসাব থাকে। তাই বলে সুযোগ পেলেই দাম বাড়াবেন এটা হতে পারে না। এসব কারণে কতিপয় ব্যবসায়ী কিছু অর্থ পেলেও প্রকৃতপক্ষে আমাদের (ব্যবসায়ী) জন্য খুবই অসম্মানজনক।

শ্যামবাজার ও কারওয়ান বাজার অপেক্ষা অন্যান্য কাঁচাবাজারে দাম ১০-২০ টাকা বেশি রাখা হয়, এর কারণ কী এ প্রশ্নে ব্যবসায়ীরা জানান, এলাকাভেদে দোকান ভাড়া বেশি। গুলশান আর কারওয়ানবাজারের ভাড়ার পার্থক্য অনেক। এলাকাভেদে দোকান ভাড়া, বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য বেশি ও ট্রেড লাইসেন্সের খরচ বৃদ্ধিকে দায়ী করেন তারা। এসব শুনে এফবিসিসিআই সভাপতি জানান, বিদ্যুৎ খরচ, ট্রেড লাইসেন্সসহ যেসব কারণে খরচ বেড়েছে, সে বিষয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে।