গাজীপুরে চার মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা। গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের এনায়েতপুর এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ওই মা’কে গ্রেপ্তার করেছে।
নিহত শিশু হলো, পিরোজপুরের ভান্ডারিয়া থানার সদর এলাকার এইচএম আব্দুল হাকিমের ছেলে আবিদুর রহমান (চার মাস)।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া এলাকা থেকে গত শুক্রবার শিশু সন্তান আবিদুর রহমানকে নিয়ে গাজীপুরের কাশিমপুরে এনায়েতপুর এলাকায় ভাসুরের বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা আক্তার। সোমবার ভোরে ফাতেমা ঘুমে থেকে উঠে তার শিশু সন্তানকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে।
আরও জানা যায়, পরে তিনি বাড়ির লোকজনকে তার ছেলেকে হত্যার কথা জানিয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাড়ি লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নিহেতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবে খোদা বলেন, নিহত আবিদুরের গলায় হাতের ছাপ সাদৃশ্য দাগ রয়েছে এবং নাক ও মুখ লালচে বর্ণের ছিলো। স্বজনরা অচেতন অবস্থায় শিশুর মা ফাতেমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সুস্থ্য হলে কেন বা কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।