নেদারল্যান্ডসকে উড়িয়ে শুরু আইরিশদের

চার বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন কার্টিস ক্যামফার। এই তরুণ পেসারের আলো ছড়ানো দিনে নেদারল্যান্ডসকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল আয়ারল্যান্ড।

সোমবার আবুধাবিতে প্রথম পর্বের ‘এ’ গ্রপের ম্যাচটিতে ৭ উইকেটে জয় তুলে নেয় আইরিশরা।

টস জিতে এদিন আগে ব্যাট করতে নেমেছিল নেদারল্যান্ডস। দশম ওভারে ক্যামফারের তোপে ধস নামে দরটির ব্যাটিং অর্ডারের। চার বলে ৪ উইকেট তুলে নিয়ে ডাবল হ্যাটট্রিক করেন ক্যামফার।

ফলে ২ উইকেটে ৫১ রান থেকে ৬ উইকেটে ৫১ রানে পরিণত হয় ডাচরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৬ রানে থামে দলটির ইনিংস।

টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে চার বলে ৪ উইকেট নেওয়ার নজির গড়লেন ক্যামফার। পরে আইরিশদের জয়সূচক রানও আসে ক্যামফারের ব্যাট থেকে।

৩ উইকেট হারিয়ে ২৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৩৯ বলে ৩০ ও ক্যামফার ৭ বলে ৭ রানে অপরাজিত ছিলেন। সর্বোচ্চ ৪৪ রান করেন গ্যারেথ ডেলানি। তার ২৯ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা।

এর আগে ক্যামফারের ৪ উইকেট ছাড়াও মার্ক অ্যাডায়ার আইরিশদের পক্ষে ৩ উইকেট নেন। সব মিলেই নেদারল্যান্ডসের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দলটির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার মাক্স ও’ডাওড। ৪৭ বলে ৭ চারে নিজের ইনিংস সাজান তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক পিটার সিলারের ব্যাট থেকে। আট নম্বরে নেমে তার ২৯ বলের ইনিংসেই দলীয় এক শ পেরোতে পারে নেদারল্যান্ডস। ম্যাচসেরা হয়েছেন কার্টিস ক্যামফার।

একই ভেন্যুতে রাত ৮টায় গ্রুপের অন্য ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

আরো পড়ুন

চার বলে ৪ উইকেট নিয়ে ইতিহাসে ক্যামফার