সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা। নাসিরনগরে ১৩ ইউপির মধ্যে ইতিমধ্যে ১১টিতে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিজেদের স্বতন্ত্র প্রার্থী দাবি করে তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত রবিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।
নাসিরনগর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে এবং এলাকায় খোঁজখবর করে জানা গেছে, নাসিরনগরে ১৩টির মধ্যে ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির ইতিমধ্যে ১১ জন প্রার্থী উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা সবাই নির্বাচনে অংশ নিতেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেই তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ করা উপজেলা বিএনপির প্রার্থীরা হলেন উপজেলা সদর ইউনিয়ন থেকে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসান চৌধুরী, গোকর্ণ ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, ধরমন্ডলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বুড়িশ্বরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, কুন্ডা ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি চারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উমরাও খান, পূর্বভাগে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ওরফে হাজারী, চাপরতলায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফয়েজউদ্দিন ভূঞা, ফান্দাউকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মামুনের স্ত্রী খালেদা বেগম, হরিপুরে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মিয়া, গুনিয়াউকে উপজেলা বিএনপির সাবেক সদস্য শামছুল হক লিটন। এ ছাড়া গোয়ালনগর ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সদস্য আহজারুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গুনিয়াউক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করা উপজেলা বিএনপির সাবেক সদস্য আইনজীবী শামছুল হক লিটন বলেন, ‘নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতেই মনোয়নপত্র সংগ্রহ করেছি। শেষ পর্যন্ত নির্বাচনে থাকব।’
নাসিরনগর উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ হান্নান বলেন, ‘গোকর্ণ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোয়নপত্র সংগ্রহ করেছি।’
এ ব্যাপারে জেলা বিএনপি আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, বিএনপির কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে দল থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করে কেউ যদি নির্বাচনে অংশ নেন, তাহলে তাকে বহিষ্কার করা হবে।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর নাসিরনগরের ১৩ ইউপিতে ভোট।