গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান হত্যা মামলার দুই আসামি কাঞ্চন মিয়া (২৫) ও তার ভাই সোহাগকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ১১টার দিকে গাইবান্ধা শহরের ব্রিজরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের বাড়ি শহরের পূর্বপাড়া এলাকায়। কাঞ্চন এই মামলার প্রধান আসামি ও সোহাগ অন্যতম আসামি।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ জানান, কাঞ্চন ও সোহাগ শহরের ব্রিজরোড এলাকায় অবস্থান করছেনÑ এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হলো। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, আশিকুর রহমান ওরফে রকি (২২) ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ১১ জুলাই রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।