স্কটল্যান্ডের বিপক্ষে হারের জন্য দলের তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিংকেই দায়ী করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার ওমানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হার মানতে পারছেন না তিনি।
১৪১ রান তাড়ায় এমন হারের জন্য দলের ব্যাটারদেরই দায় দেখছেন তিনি। বিশেষ করে তিন সিনিয়র ক্রিকেটারের।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যথাক্রমে তিন, চার ও পাঁচে ব্যাট করতে নেমেছিলেন। এই তিন জন মিলে ৮৬ বল খেলে করেন ৮১ রান।
বিসিবি সভাপতি বলেন, ‘দল হারতেই পারে। কিন্তু অ্যাপ্রোচ তো ঠিক থাকবে। প্রথম ৬ ওভারে সুবিধা থাকে। তখন মারতে গেলে উইকেট পড়া স্বাভাবিক। কিন্তু দুটি উইকেট পড়ার পর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করেছে, সেখানেই তো ম্যাচ হেরে গেছি আমরা। ওই সময় যেভাবে খেলা দরকার ছিল, ওইটা ওদের মধ্যে ছিল না।’
নাজমুল হাসান পাপন বলছেন, কাউকে নির্দিষ্ট পজিশনে ব্যাট করতেই হবে এমন পরিকল্পনা থেকে বের হয়ে আসতে হবে।