সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। একই সঙ্গে হিন্দুদের ওপর সাম্প্রতিক সহিংসতার ঘটনার স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় টুইটারে এ আহ্বান জানান মিয়া সেপ্পো। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার পর বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া জানালেন।

মিয়া সেপ্পো লিখেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল; যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

তিনি আরও বলেছেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।