দেশের গণতন্ত্র ধ্বংস করতে বিএনপির ইন্ধনে সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার রাজধানীর বনানী কবরস্থানে ‘শহীদ শেখ রাসেল দিবস’ উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল (রবিবার) রাতে রংপুরের পীরগঞ্জে জেলেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার একটি উদাহরণ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হয়েছে। এসব বিষয়ে সব সময় খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ বছরে দুর্গাপূজার সময় মন্ডপে কোনো হামলার ঘটনা ঘটেনি। অথচ এবার পরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা দেশে তা-ব চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘পীরগঞ্জের একটি জেলেপাড়ায় আগুন দিয়েছে, মন্দিরে হামলা হয়েছে। গবাদি পশু পর্যন্ত সেখানে প্রাণে রক্ষা পায়নি। এ রকম নৃশংস হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে। আগুন দিয়ে যাচ্ছে। ফেইসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচার থেকেই রংপুরের ঘটনার উদ্ভব। কাজেই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে খোঁজখবর নিচ্ছেন। সেখানকার প্রশাসন ও আমাদের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন।’ পার্টি পর্যায়েও আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে বলে জানান ওবায়দুল কাদের।