সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই পীরগঞ্জে হামলা : তথ্যমন্ত্রী

সরকারকে প্রশ্নবিদ্ধ করার হীন উদ্দেশ্যেই সাম্প্রদায়িক অপশক্তি পীরগঞ্জে হামলা করেছে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সরকার এই অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। যারা এ ঘটনাটি ঘটিয়েছে, সারা দেশেই তাদের এ ধরনের আরও ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল, সেগুলো সরকারের কঠোর পদক্ষেপের কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’র টিজার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘পীরগঞ্জে রাতের অন্ধকারে বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া হলো। এটি খুবই স্পষ্ট যে পীরগঞ্জকে তারা এ কারণেই বেছে নিয়েছে যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। চাঁদপুরে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের নিবৃত্ত করতে পুলিশ গুলি চালিয়েছে এবং আমাদের এ পদক্ষেপ পাশর্^বর্তী ভারতেও অনেক পত্রপত্রিকা প্রশংসা করেছে।’

গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশের সব গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তির প্রতি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দলের সব নেতাকর্মীকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য, তারা দাঁড়িয়েছে। আরও বহু জায়গায় এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ার কারণে, মানুষের পাশে থাকার কারণে তারা সেটি করতে পারেনি।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধগোষ্ঠীরা বিভিন্ন সময় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে, পদ্মা সেতু নির্মাণ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সময় তারা বিশৃঙ্খলা তৈরি করেছে এবং এই দুর্গাপূজাকে উপলক্ষ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে এবং এটি যে রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এটি খুবই স্পষ্ট। সরকার কঠোর হস্তে এসব অপচেষ্টা দমন করছে, মামলা ও গ্রেপ্তার হয়েছে।’