সরকারি মদদে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে : ফখরুল

আগামী নির্বাচনে পার পেতে বিএনপিকে ঘায়েল করতেই সরকারি মদদে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও ধর্মীয় নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। গতকাল সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করে বিএনপি। আলোচনায় হিন্দু ধর্মাবলম্বী নেতারা সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ সময় অভিযোগ করেন, ক্ষমতাসীনদের মদদ ছাড়া দেশে এ ধরনের উগ্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনের বৈতরণী পার হতে বিএনপির লোকদের গ্রেপ্তার টার্গেট করেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে।

সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ক্ষমতাশীলদের মদদ ছাড়া এ কাজ সম্ভব নয়। এটা পরিষ্কার যে, আজ আওয়ামী লীগ জোর করে, বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে। আগামী নির্বাচনে যেন তারা পার পেয়ে যেতে পারে সেজন্য তারা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করতে শুরু করেছে, এটি তারই একটি প্রমাণ। বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যারা নির্বাচন করতে পারে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে প্রতিটি জায়গায় মামলাগুলো করা হচ্ছে বিএনপি নেতাদের বিরুদ্ধে।’

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রতারণার রাজনীতি করতে অভ্যস্ত আর তাই তারা সবসময়ই একদলীয় শাসনের পাঁয়তারায় লিপ্ত থাকে।

আওয়ামী লীগকে অসুর উপাধি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ অসুরকে বধ করতে হবে এবং অবশ্যই আমাদের জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’