কক্সবাজারের উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা যুবক আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছে থেকে একটি রামদা, একটি কিরিচ, তিনটি ধামা, একটি নান চাকু ও একটি রড উদ্ধার করা হয়। আটকদের মঙ্গলবার দুপুরে উখিয়া থানায় সোপর্দ করা হয়।
মঙ্গলবার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চানমিয়া মাঠ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- ওই এলাকার আবুল হাসেমের ছেলে মো. জাবের (২৪), মৃত আবুল বশর প্রকাশ বাশারের ছেলে শফিকুল ইসলাম (৩২), নূর হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ (৫২), নূর আলমের ছেলে মো. জমির (২৭), মৃত আব্দুর শুকুরের ছেলে মৌলভী হামিদ হোসেন (৪১) ও মৃত নজির আহম্মদের ছেলে মো. হোসেন প্রকাশ ইদ্রিস (৪৩)।
ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এবিপিএন সদস্যরা।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক বলেন, আটকেরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।