প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমাদের কলকারখানাগুলোকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে কলকারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে ‘কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ লক্ষ্যে গঠিত সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ১৫ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে দেশের শিল্প কলকারখানাসমূহে বিভিন্ন সময়ে সংঘটিত অগ্নিকা-ের প্রেক্ষাপটে শিল্প কলকারখানাসমূহের অবকাঠামোগত এবং অগ্নি-দুর্ঘটনা ও অন্যান্য দুর্ঘটনা নিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
সালমান এফ রহমান বলেন, বিডার নেতৃত্বে বেসরকারি খাতের সমন্বয়ে অতিদ্রুত সময়ের মাধ্যমে তিনটি উপকমিটি তৈরি এবং এর মাধ্যমে চেকলিস্ট তৈরিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার ফলে আমরা কলকারখানা পরিদর্শন করে, আমাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সমাধান বের করতে পারব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, কলকারখানাগুলোর মান উন্নয়নের জন্য খুবই স্বল্প সময়ে আমরা বিডা’র নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন ও অগ্রাধিকারভিত্তিক কলকারখানার তালিকা তৈরি করেছি।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, কোনো ভবনের নকশা অনুমোদনের সঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত থাকে। কিন্তু দুর্ঘটনা ঘটলে শুধু মালিকপক্ষকে দায়ী করা হয়। দুর্ঘটনা তদন্তে বিভিন্ন কমিটি গঠন করা হয়। কিন্তু আস্তে আস্তে কমিটিগুলোর কার্যক্রম দেখা যায় না। তাই সমস্যারও সমাধান হয় না।