হামজা টেক্সটাইলসে আইএফসির ২.২৭ কোটি ডলার বিনিয়োগ

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে হামজা টেক্সটাইল লিমিটেডে (এইচটিএল) ২ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশেন (আইএফসি)। দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) গ্রুপের একটি ডায়িং ও ফিনিশিং কোম্পানি হামজা টেক্সটাইল লিমিটেড। এই অর্থায়ন ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে অগ্রসর ও সম্পদ-সাশ্রয়ী প্রযুক্তিসহ একটি নতুন কারখানা গড়ে তুলতে সহায়তা করবে, যেখানে ৯০০ মানুষের কর্মসংস্থান হবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিনিয়োগের তথ্য জানিয়েছে আইএফসি। নতুন এই বিনিয়োগ তৈরি পোশাক খাতে আইএফসির প্রথম কভিড-১৯ সহায়তা এবং নিম্ন-আয়ের ও ভঙ্গুর রাষ্ট্রগুলোর বিনিয়োগে উৎসাহ দিতে গঠিত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) প্রাইভেট সেক্টর উইন্ডোর (আইডিএ-পিএসডব্লিউ) অর্থায়নের অন্তর্ভুক্ত।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ‘নতুন এই কারখানা ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে হামজা টেক্সটাইলসকে নতুন ফেব্রিক নিয়ে কাজ করার সুযোগ দেবে, এর উৎপাদনভিত্তি সম্প্রসারণ করবে এবং উৎপাদন খরচ কমাতে অগ্রসর প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরবে। পাশাপাশি জলবায়ুজনিত সুবিধা দেবে।’

এই সম্প্রসারিত কার্যক্রমের ফলে ২০২৮ সাল নাগাদ স্থানীয় সরবরাহ চেইনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনীতিতে ৮ মিলিয়ন ডলারের অবদান আশা করা হচ্ছে। এছাড়া কর্মীদের অতিরিক্ত আয় এবং পুরো সরবরাহ চেইনে সংযুক্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের সুযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমে ১৫ মিলিয়ন ডলারের অবদান রাখবে।

হামজা টেক্সটাইলস লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ সমন্বিত তৈরি পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের মালিকানাধীন কোম্পানিগুলোতে ব্যবহারের জন্য ডায়িং এবং ফিনিশিং সেবা দেয়। আইএফসির বিনিয়োগ হামজা টেক্সটাইলসের দৈনিক ফিনিশিং সক্ষমতা ৮০ টন বাড়াবে এবং নতুন কারখানার কারণে মোট উৎপাদন ক্ষমতা হবে দৈনিক ১০৩ টন। কারখানাটি হবে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদপ্রাপ্ত। আইএফসি এ পর্যন্ত বাংলাদেশে পাঁচটি তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে ৯ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে, যার অধিকাংশই ঋণ আকারে দেওয়া হয়েছে। ডিবিএল গ্রুপের সঙ্গে সর্বশেষ এই উদ্যোগ আইএফসির জন্য এই খাতে সর্বশেষ বিনিয়োগ।