হলারের নৈপুণ্যে আয়াক্সের হাতে বিধ্বস্ত হালান্দের ডর্টমুন্ড

আয়াক্সের মাঠে বিধ্বস্ত হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ডাচ জায়ান্টদের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে আর্লিং ব্রট হালান্দ-মার্কো রয়েসরা।

ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আয়াক্স। ১১তম মিনিটে রয়েসের আত্মঘাতী গোল হজম করে বসে ডর্টমুন্ড। ২৫তম মিনিটে সেবাস্তিয়ান হলারের পাসে আয়াক্সের ব্যবধান দ্বিগুণ করেন ডেলে ব্লাইন্ড।

আয়াক্সের হয়ে তৃতীয় গোল করেন অ্যান্থনি। এই গোলটিতেও অ্যাসিস্ট করেন হলার। সাবেক ওয়েস্ট হাম স্ট্রাইকার কেবল সতীর্থদের দিয়ে গোল করিয়ে ক্ষান্ত হননি, খেই হারিয়ে ফেলা ডর্টমুন্ডের জালে শেষ বলটিও পাঠান তিনি। ম্যাচ শেষ হওয়ার ১৮ মিনিট আগে ব্লাইন্ডের ক্রসে হেডে স্কোরশিটে নাম লেখান হলার।

চলতি চ্যাম্পিয়স লিগে ইতিমধ্যে তিন ম্যাচ খেলে ৬ গোল করে ফেলেছেন হলার। আইভরিয়ান কোস্ট ফরোয়ার্ড এই মৌসুমের আগে কখনো ইউরোপ শ্রেষ্ঠত্বের এই আসরে খেলেননি।

ডর্টমুন্ডের হালান্দের পর চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিন ম্যাচে ৬ গোল করলেন হলার। অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গের হয়ে এই রেকর্ডটি প্রথম গড়েন হালান্দ।

তবে আয়াক্সের বিপক্ষে জাল খুঁজে পাননি এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ডর্টমুন্ডের চার শটের তিনটি নেন তিনি। কিন্তু তার একটি দুর্দান্তভাবে বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন গোলরক্ষক রেমকো পাসভির।

এই জয়ে ‘সি’ গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আয়াক্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ডর্টমুন্ড। এই গ্রুপের আরেক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা স্পোর্টিং লিসবন ৪-১ গোলে হারিয়েছে বেসিকতাসকে।