সৌদি বিনিয়োগের ১৩ দিনের মাথায় নিউক্যাসল ছাড়লেন কোচ ব্রুস

কোচ স্টিভ ব্রুসের ভবিষ্যত কী হতে যাচ্ছে তা এক প্রকার অনুমেয়-ই ছিল। অবশেষে পারস্পরিক সম্মতিতে নিউক্যাসলের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন ৬০ বছর বয়সী ইংলিশ কোচ।

সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) কিনে নিয়েছে ইংলিশ ক্লাবটির মালিকানা। যার ফলে সেন্ট জেমস পার্কে ব্রুসের ভবিষ্যৎ পড়ে যায় শঙ্কায়।

সেই আশঙ্কা সত্যি করে, সৌদি বিনিয়োগের ১৩ দিনের মাথায় দ্য ম্যাগপাইদের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি।

কোচ হিসেবে বিভিন্ন ক্লাবের হয়ে মোট এক হাজার ম্যাচে ডাগ-আউটে দাঁড়িয়েছেন ব্রুস। ঘরের মাঠে টটেনহামের বিপক্ষে ৩-২ গোলে মাগপাইদের হারই হয়ে থাকল দলটির হয়ে তার শেষ ম্যাচ।

ব্রুসের পরিবর্তে প্রিমিয়ার লিগের দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গ্রায়েম জোন্স।

নিউক্যাসলকে ইংল্যান্ড তো বটে, অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব বানানোর পথে ৩০০ মিলিয়ন পাউন্ড অঙ্কের অধিগ্রহণ অর্থ প্রদান করছে পিআইএফ। এই সংস্থার প্রধান হিসেবে আছেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান।