পীরগঞ্জের ঘটনায় আরও দুইজনের স্বীকারোক্তি

ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট দেওয়ার ঘটনায় প্রধান আসামি পরেশ চন্দ্রের দুই সহযোগী আল আমিন ও উজ্জ্বল বুধবার রাতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি খানের আদালতে এ জবানবন্দি দেন তারা।

কোর্ট সিএসআই এএসআই শহিদুল ইসলাম জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ফেসবুকে অবমাননাকর স্ট্যাটাস দেয়ার বিষয়টি স্বীকার করে প্রধান আসামি পরেশ চন্দ্র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার সময় সহযোগী হিসেবে আল আমিন ও উজ্জ্বলের নাম উল্লেখ করেন।

এরপরেই পীরগঞ্জ থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দিনাজপুর পুলিশের সহায়তায় কোহারোল এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করে। 

বুধবার বিকেলে তাদের দুজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরেশের সহযোগী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

আসামি আল আমিন ও উজ্জ্বল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি খানের আদালতে হাজির করা হয়, সেখানেই তারা দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এদিকে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, আসামি পরেশের বিরুদ্ধে আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তার সহযোগী হিসেবে আল আমিন ও উজ্জ্বলের নাম উল্লেখ করায় তাদেরকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এ ছাড়াও এ ঘটনায় আরও ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৫৩ জনে।