পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে হারায় যেভাবে ক্রিকেটারদের সমালোচনা হয়েছে, সেনিয়েই ক্ষোভ বাংলাদেশ অধিনায়কদের। এমনকি মাহমুদউল্লাহর ক্ষোভ স্পষ্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সমালোচনার প্রতিও।
বৃহস্পতিবার ওমানে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘সমালোচনা হবেই। এটা কাম্য। কিন্তু সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো… কমিটমেন্ট নিয়ে কখনো প্রশ্ন করা ঠিক নয়।’
এদিন পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানে হারিয়ে বাছাই পর্বের ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ। তবে গ্রুপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারে বাছাই পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কাই তৈরি হয়েছিল এক সময়।
সেই হারের পর চারদিক থেকে সমালোচনা ঘিরে ধরেছিল টাইগারদের। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বোর্ড সভাপতি পর্যন্ত কাঠগড়ায় তুলেছেন ক্রিকেটারদের।
ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ে অবশ্য পরিস্থিতি বদলে গেছে। পাপুয়া নিউ গিনি ম্যাচের পারফরম্যান্সের পর তো ক্রিকেটারদের প্রশংসাও শুরু হয়ে গেছে।
তবে মাহমুদউল্লাহ কণ্ঠে অভিমান নিয়ে বললেন, ‘আজকে ভালো খেলছি বলে সবার কাছে মনে হবে (দারুণ কিছু)… আবার এক ম্যাচে খারাপ করলে হয়তো খুব বেশি করে সমালোচনা শুরু হয়ে যাবে।’
স্কটল্যান্ড ম্যাচের পর বিধ্বস্ত চেহারায় সংবাদ সম্মেলনে এসেছিলেন মাহমুদউল্লাহ। সেটা স্বাভাবিকই ছিল। আর এদিন সংবাদ সম্মেলনে এলেন শক্ত মুখ করে। প্রশ্নের উত্তরগুলোতেও তার ক্ষোভ, অভিমান ফোটে উঠছিল। যা নিয়ে সাংবাদিকেরা প্রশ্নও করলেন।
উত্তরে মাহমুদউল্লাহ বললেন, ‘শক্ত হওয়াটাই স্বাভাবিক। গত কয়েকদিনে… ঠিক আছে, আমরা মানুষ, আমরা ভুল করি। এ কারণে একেবারে ছোট করে ফেলা ঠিক নয়। এটা আমাদের দেশ। আমরা যখন খেলি, পুরো দেশ একসঙ্গে খেলি। এটা মাথায় থাকে সব সময়।’
মাহমুদউল্লাহ আরো বলেন, ‘আমাদের চেয়ে ফিলিংস কারো বেশি নয়, আমার মনে হয়। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি। তবে একেবারেই ছোট করে ফেলা ঠিক নয়। আমাদের সবার কাছেই খারাপ লেগেছে।’
উল্লেখ্য, স্কটিশদের বিপক্ষে হারের জন্য তিন সিনিয়র ক্রিকেটারকে কাঠগড়ায় তুলেছিলেন বিসিসি সভাপতি। প্রশ্ন তুলেছিলেন তাদের খেলার ধরন নিয়ে।