গাজীপুরে চালু শাওমির স্মার্টফোন সংযোজন কারখানা

বাংলাদেশে স্মার্টফোন সংযোজন কারখানা চালু করেছে চীনা প্রতিষ্ঠান শাওমি। কারখানাটিতে শাওমির জন্য স্মার্টফোন সংযোজন করবে ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেয় শাওমি বাংলাদেশ।

অনুষ্ঠানে জানানো হয়, কারখানাটিতে প্রতি বছর প্রায় ৩০ লাখ স্মার্টফোন তৈরি করবে শাওমি। প্রাথমিক অবস্থায় গাজীপুরের ভগরায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের এ কারখানায় প্রায় এক হাজার কর্মসংস্থান হবে। কারখানাটি রেডমি সাব-ব্র্যান্ডের স্মার্টফোন দিয়ে শুরু করছে ফোন উৎপাদন। স্মার্টফোনগুলো আগামী মাসের প্রথম সপ্তাহে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এরপর শাওমির অন্য স্মার্টফোনের পাশাপাশি পোকোর ফোনও তৈরি হবে কারখানায়।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসেবে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল হ্যান্ডসেট নির্মাতা বাংলাদেশে হ্যান্ডসেট সংযোজনের মাধ্যমে উৎপাদন শুরু করেছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদনের মধ্য দিয়ে শাওমি আরও এগিয়ে গেল। এর মধ্য দিয়ে দেশের বাজারে দীর্ঘস্থায়ী কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। সেই সঙ্গে দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও আমরা অবদান রাখতে পারছি।

প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প খাত ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, তরুণ নেতৃত্ব ও শাওমির মতো তরুণ কোম্পানির ওপর আমাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে। এমন নতুন প্রজন্মের সব কোম্পানি ও উদ্যোক্তাই হচ্ছে বাংলাদেশের একেকটা সফলতা। ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে শাওমির প্রথম উৎপাদন ইউনিট স্থাপনে আমরা অংশীদার হতে পেরে অনেক আনন্দিত।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ভিডিও বার্তায় বলেন, আমদানিকারক থেকে স্মার্টফোন উৎপাদক দেশ হওয়ায় জন্য আমরা বহুদিন থেকেই যুদ্ধ করছি। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন এখন দেখা যাচ্ছে। মহামারীর সময় সেটা আমরা টের পেয়েছি। ডিজিটাল ডিভাইসের গুরুত্ব আমরা বুঝেছি। শাওমি অনেক দূর এগিয়ে যাবে, এমনটাই আমাদের বিশ্বাস।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদন কারখানা চালুর জন্য শাওমিকে অভিনন্দন। এটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়তা করবে। এর মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেল।