দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ২০১৭ সালে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ করতে সম্মত হয় বাংলাদেশ ও কানাডা। এ লক্ষ্যে একটি টার্মস অব রেফারেন্স তৈরি হলেও তা বাস্তবায়ন হয়নি। এই ওয়ার্কিং গ্রুপকে নভেম্বরের মধ্যে চালু করতে আগ্রহী বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন।
গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। হাইকমিশনার জানান, এরই মধ্যে কানাডার পক্ষ থেকে বেসরকারি খাতের চারজন প্রতনিধি মনোনীত করা হয়েছে।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ বিষয়ে জানান, তিনি নিজে এই গ্রুপের কো-চেয়ার হিসেবে আছেন। চলতি মাসেই যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবে এফবিসিসিআই। তিনি জানান, বাংলাদেশে নির্মাণাধীন ১০০ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে অনেক দেশ বিনিয়োগ করেছে। কানাডার বিনিয়োগকারীদের জন্যও এসব অঞ্চল আকর্ষণীয় হতে পারে। প্রাইমারি টেক্সটাইল, চামড়াজাত পণ্য, জ¦ালানি ও বিদ্যুৎ, সিরামিকস, আসাবাব শিল্প, অবকাঠামো ও ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
কানাডিয়ান হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে এরই মধ্যে সিনিয়র ট্রেড কমিশনার নিয়োগ দিয়েছে কানাডা দূতাবাস।
এফবিসিসিআই সহসভাপতি এমএ মোমেন বলেন, বিশ্ব বিনিয়োগকারীরা নানা কারণে বিনিয়োগের জন্য চীনের বিকল্প গন্তব্য খুঁজছে। কানাডার প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা করতে পারে। বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি মো. হাবীব উল্লাহ ডন ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহফুজুল হক।