কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসী ঘটনার পর চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে সমাবেশ-মানববন্ধন-শোভাযাত্রা হয়েছে। এসব সমাবেশ থেকে বক্তারা জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
গতকাল পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ‘সম্প্রীতির মঞ্চ’-এর ব্যানারে এক মানববন্ধন হয়েছে। এ সময় প্রতিবাদী সংগীত পরিবেশন করা হয়। এতে বিভিন্ন ধর্মের মানুষসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষেরা যোগ দেন। এ ছাড়া ‘রুখে দাঁড়াও বাংলাদেশ সম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর মঞ্চে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকালে ‘সাম্প্রদায়িকতা নিপাত যাক-মানবতা মুক্তি পাক’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বক্তারা।
হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ‘সাম্প্রদায়িক নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁও’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সভায় ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বক্তব্য রাখেন বক্তারা।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)। সাংবাদিক ও এনজিওকর্মীরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
‘জেগে ওঠো প্রতিরোধ করো, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক স্লোগানকে সামনে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সম্প্রীতি বাংলাদেশ ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল দুপুরে কুমিল্লা শহরের চৌরঙ্গী মোড়ে ৭ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ সভাপতিত্ব করেন।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন। বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের কান্দাপাড়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গতকাল দুপুর ১২টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
গতকাল সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ এবং বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথক মানববন্ধন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।