পদ্মা নামে ফরিদপুর মেঘনা নামে কুমিল্লা বিভাগের ঘোষণা

ফরিদপুর এবং কুমিল্লাকে দেশের দুটি প্রধান নদী পদ্মা এবং মেঘনার নামে বিভাগ করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি দুটি নদীর নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছি একটি পদ্মার নামে এবং অন্যটি মেঘনার নামে।’

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

বেশ কয়েক বছর ধরে নোয়াখালী, কুমিল্লা জেলার বাসিন্দারা নিজেদের জেলাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। দুই নদীর প্রতি সম্মান প্রদর্শন করে প্রধানমন্ত্রীর বিভাগ গঠনের ঘোষণা দেওয়ার পর সেসব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে।

কুমিল্লা নামে বিভাগে অন্য জেলাগুলো বিভাগের সিদ্ধান্ত আসতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নামে অন্য জেলাগুলো আসতে চায় না। আমরা চেষ্টা করেছি তো। নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, চাঁদপুর আসবে না, লক্ষ্মীপুর আসবে না, ব্রাহ্মণবাড়িয়া আসবে না।’ তিনি আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া চায় ব্রাহ্মণবাড়িয়া নাম হোক, ফেনী চায় ফেনী নাম হোক, চাঁদপুর নাম তো আরও সুন্দর, চাঁদপুর চায় চাঁদপুর হোক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ফরিদপুর বিভাগ করব পদ্মা নামে, ফরিদপুর নামও দিচ্ছি না। ফরিদপুর হবে পদ্মা আর কুমিল্লা হবে মেঘনা নামে। কারণ পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে।’

কুমিল্লার আসল নাম ত্রিপুরা ছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটা ভুলে যেও না এখনো পুরনো কাগজে ত্রিপুরা লেখা আছে। পুরনো দলিলে ত্রিপুরা লেখা আছে।’

বিভাগের নামকরণ বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘ঠিক আছে আমার প্রস্তাব রাখলাম যদি পছন্দ হয় ভালো, না হলে হবে না। আমি কী করব। আমাদের দুইটা বড় নদী, নদীর নামটা আমি সম্মান দিয়ে রাখতে চাই। যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি সেই স্লোগান দিচ্ছি।’

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন অফিস ভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।