ঝিনাইদহ সদর পৌরসভার মহিষাকুন্ডু এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে পারভেজ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
পারভেজ হোসেন সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের চঞ্চল হোসেনের ছেলে।
পারভেজের বাবা চঞ্চল হোসেন জানান, সকালে তিনি ও তার ছেলে অন্যদের সঙ্গে মহিষাকুন্ডু গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির ছাদে রড বাঁধার কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে তার হাত লেগে যায়। সেসময় বিদ্যুতায়িত হয়ে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুসলীমা স্বপ্নীল জানান, ছেলেটাকে চিকিৎসা দেওয়ার পর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে যাওয়ার পর মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।