নেদারল্যান্ডসকে মাত্র ৪৪ রানে গুটিয়ে দিল শ্রীলঙ্কা

নিয়মরক্ষার ম্যাচে ব্যাট করতে নেমে দলীয় ফিফটিও করতে পারল না নেদারল্যান্ডস। শ্রীলঙ্কান বোলারদের সামনে ১০ ওভারে মাত্র ৪৪ রানেই গুটিয়ে গেল ডাচরা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর। সীমিত ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপের ইতিহাসে এটি কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন।

২০১৪ সালে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ১০.৩ ওভারে ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল ডাচরা। তখনও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে কেবল দুই অঙ্কের ঘরে ছুঁয়েছেন কলিন অকারম্যান (১১)। এছাড়া বেন কুপারের ব্যাট থেকে আসে ৯ রান।

শ্রীলঙ্কার হয়ে ৩ ওভার করে বল করে ৩টি করে উইকেট ভাগাভাগি করেছেন লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১ ওভার হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহীষ থিকশানা।

টানা দুই জয়ে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রপ থেকে সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অন্যদিকে আগের দুই ম্যাচে হেরে যাওয়ায় ম্যাচটি গুরুত্বহীন ডাচদের জন্য। আয়ারল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে হারায় তাদের বিদায় আগেই নিশ্চিত হয়ে যায়।