চাঁদপুরের হাজীগঞ্জে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সেদিনের ঘটনার বর্ণনা শোনেন।
রফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। হাজীগঞ্জে গত ১৫০ বছরে এমন ঘটনা ঘটেনি। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আছে।
এদিন তিনি উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর চৌধুরী বাড়ির মন্দির, হাজীগঞ্জ বাজারের রামকৃষ্ণ সেবাশ্রম, পৌর শ্মশানঘাট মন্দির ও শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় যান। এ সময় তার সঙ্গে হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান শেফালী, শাহরাস্তি পৌর মেয়র আবদুল লতিফ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।