করোনায় দেশে ১৭ মাসে সর্বনিম্ন মৃত্যু

দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসার ধারায় সংক্রমণ ও মৃত্যু নেমে এসেছে গত বছরের এপ্রিল-মে মাসের পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৩২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মৃত্যু হয়েছে চারজনের। এক দিনে মৃত্যুর এ সংখ্যা গত ১৭ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৬ মে তিনজনের মৃত্যু হয়েছিল। আর এক দিনে শনাক্ত রোগীর এ সংখ্যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত বছর ১৪ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ২০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। গত বৃহস্পতিবার ২৪৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, মৃত্যু হয়েছিল ১০ জনের। সে হিসাবে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই আরও কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত দেশে শনাক্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০৫ জনের। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছে আরও ৫৬৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩০ হাজার ৬৪৬ জন সুস্থ হয়ে উঠল।

গত এক দিনে শনাক্তদের মধ্যে ১২১ জনই ঢাকা বিভাগের, যা মোট শনাক্তের দুই-তৃতীয়াংশের বেশি। আর ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে, বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে দেশে ১৭ হাজার ১০০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৫০ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং তিনজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। তাদের দুজন পুরুষ আর দুজন নারী। চারজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।