খুলনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক ছবি এবং প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাকোপ থানা পুলিশ সূত্র জানায়, দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের বিষ্ণুপদ ঢালী (৪২) সাম্প্রদায়িক উসকানিমূলক ছবি তার ফেইসবুক আইডি থেকে শেয়ার করেন। গত শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ খবর পেয়ে ওই রাতেই তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের ছবি বিকৃত করে ‘জিয়ার সৈনিক’ নামে একটি আইডি থেকে ফেইসবুকে পোস্ট করার অভিযোগে বানীশান্তা এলাকার জাহিদ খানকে (২০) একই রাতে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে দাকোপ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়।