বিশ্বকাপে উইন্ডিজের ব্যাটিং দেখে বাকরুদ্ধ লারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে একটুও সন্তুষ্ট হতে পারেননি ব্রায়ান লারা। যে দল মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়, তাদের ব্যাটিং দেখে কারও সন্তুষ্ট হওয়ার কথা নয়।

সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন স্কোর গড়ে বড় ব্যবধানে হেরেছে উইন্ডিজ।

শনিবার দুবাইতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে গত আসরের চ্যাম্পিয়নদের নিয়ে যেন ছেলেখেলাই মেতেছিল ইংলিশ বোলাররা। ১৪.২ ওভারে ৫৫ রান করতেই অলআউট হয় ক্যারিবীয়রা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে তৃতীয় সর্বনিম্ন এবং সীমিত ওভারের এই ফরম্যাটে ‍উইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন।

দলে ক্রিস গেইল-কাইরন পোলার্ডদের মতো অভিজ্ঞ ব্যাটার থাকা সত্ত্বেও এমন নাজুক ব্যাটিংয়ে হতাশ লারা। স্টার স্পোর্টসকে সাবেক ক্যারিবীয় ব্যাটার বলেন, ‘এটা হতাশার, এটা পাগলামির। এটা ব্যখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে আমি খুবই হতাশ।’

ক্যারিবীয়দের বিপক্ষে ৭০ বল বাকি থাকতে ম্যাচটি ৬ উইকেটে জিতেছে উড়ন্ত সূচনা করল ইংল্যান্ড। সেই সঙ্গে মরগানের দল নিল ২০১৬ সালে শেষ ওভারের নাটকে শিরোপা হারানোর প্রতিশোধও।