টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভসে নিজেদের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হচ্ছে দুই দল।

ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

দুই দলই মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে বাংলাদেশ একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ‘রহস্যময়’ স্পিনার মহীষ থিকশানা না থাকায় পেসার বিনুরা ফার্নান্দোকে একাদশে রেখেছে লঙ্কানরা।

বাছাইপর্বে গ্রুপ ‘এ’ থেকে শীর্ষ দল হিসেবে সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। অন্যদিকে, বাংলাদেশ ‘বি’ গ্রুপে দুই জয় ও এক হারে একই গ্রুপে যোগ দেয় রানার-আপ হিসেবে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিশানকা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।