চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে করা মামলা চালাবেন না সেই যুবলীগ নেতা নাজিম উদ্দিন।।
রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজার আদালতে লিখিত আবেদন করে মামলা না করার আবেদন করেন তিনি। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, মামলা নেওয়ার আবেদনে তথ্যগত ভুল রয়েছে। তাই মামলাটি না নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়।
গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছিলেন নাজিম উদ্দিন। বাকি দুজন হলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও লেখক নেছার আহমেদ। আজ আদালত আদেশের জন্য দিন রেখেছিলেন।
মামলার আরজিতে বলা হয়, চট্টগ্রাম একাডেমি থেকে ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকীতে ‘জাতির পিতা’ নামে একটি পুস্তক প্রকাশিত হয়। এতে ‘শেখ মুজিবের গোপন শত্রু’ নামে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা প্রবন্ধে বঙ্গবন্ধুর প্রতি অবমাননার অভিযোগে মামলাটি করা হয়।
চট্টগ্রামভিত্তিক লেখক–সাহিত্যিকদের সংগঠন চট্টগ্রাম একাডেমির প্রকাশনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখা প্রকাশিত হয়েছে। ওই লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করা হয়েছে অভিযোগ করে মঙ্গবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নাজিম উদ্দিন।
এদিকে বাদী মামলার নেওয়ার আবেদনের পর বাম সংগঠনসহ বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা জানায়। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানায়।