মহাদেও নদীতে বালু ও পাথর উত্তোলনের প্রতিবাদ

নেত্রকোনার মহাদেও নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় মহাদেও নদীর বালুচরে এ মানববন্ধনের আয়োজন করে মহাদেও নদীরক্ষা কমিটি ও স্থানীয় এলাকাবাসী। ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গলী সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে চার দফা দাবি পেশ করা হয়। আগামী সাতদিনের মধ্যে এসব দাবি না মানলে ইউএনও অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে- বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) প্রমুখ সংগঠন।