রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য ও বিমানবাহিনীর সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল দুপুরে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় লরির ধাক্কায় গিয়াস উদ্দিন আল মামুন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এর আগে সকালে বিজয় সরণিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বশির আহমেদ (৪১) এক যুবক প্রাণ হারায়।
এদিকে সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বিমানবাহিনী সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বরিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। নীলফামারীতে ট্যাংকলরির চাপায় এক কিশোর, চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় এক তরুণ ও গাজীপুরে বাসচাপায় এক শিশু নিহত হয়। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে-
ঢাকা : গতকাল দুপুর দেড়টার দিকে আব্দুল্লাহপুর ও কামারপাড়া ব্রিজের মাঝামাঝি এলাকায় লরির ধাক্কায় গিয়াস উদ্দিন আল মামুন আহত হলে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
সকালে তেজগাঁওয়ের বিজয় সরণিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বশির আহমেদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুরে তার মৃত্যু হয়। নিহত বশির ফার্মগেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ : পৃথক সড়ক দুর্ঘটনায় এক বিমানবাহিনী সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন প্রাণ হারিয়েছেন। তারা হলেন সিরাজগঞ্জ শহরের এক নম্বর খলিফাপট্টি এলাকার বাসিন্দা বিমানবাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা হাসান (২৩)। সিরাজগঞ্জ সদর থানার এসআই সেলিম মোল্লা জানান, দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। অপরদিকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের গাড়াদহ কবরস্থানের সামনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আইয়ুব আলী খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বরিশাল : মহানগরীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নেজারুল (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রুপাতলীর উকিলবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নেজারুল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। একই ট্রাফিক বিভাগের পরিদর্শক আব্দুর রহিম জানান, রুপাতলী থেকে আটক করা একটি অটোরিকশায় পুলিশ লাইনের দিকে আসছিলেন নেজারুল। পথে উকিলবাড়ির সামনে ঝালকাঠিগামী দোয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে নেজারুলের মৃত্যু হয়।
নীলফামারী : সদর উপজেলায় ট্যাংকলরির চাপায় মোস্তাকিন (১৫) নামে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নীলসাগর সড়কের গোড়গ্রাম আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মোস্তাকিন উপজেলার কাঞ্চনপাড়া আলসিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেলে করে নীলসাগরের দিকে যাচ্ছিল মোস্তাকিন। পথে গোড়গ্রাম আমতলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী একটি ট্যাংকলরির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানান, লরিটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় হৃদয় (২১) নামে মোটরসাইকেল চালক এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সকালে গোমস্তাপুর-রহনপুর সড়কের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় উপজেলার কাশিপুর গ্রামের মকবুল আলীর ছেলে। গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, গতকাল সকালে মোটরসাইকেলে করে রহনপুরের দিকে যাচ্ছিলেন হৃদয়। পথে বড়বাড়ি এলাকায় হঠাৎ করে মোটরসাইকেলটির চাকা পাংচার হলে পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
গাজীপুর : মহানগরীর গাছা এলাকায় বাসচাপায় নিরব (৯) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিরব জামালপুরের কেন্দুয়া থানার চশী নয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এসআই নাদিরুজ্জামান জানান, ঘটনার সময় সড়ক পার হচ্ছিল নিরব। ওই সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটির চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।