স্বামীকে টুকরো করে হাঁড়িতে রাখলেন স্ত্রী

ভোলায় মাদকাসক্ত স্বামীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। পরে তার মরদেহ কয়েক টুকরো করে রাখেন একটি হাঁড়িতে। সকালে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পন্ডিতের পোল এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সীর ছেলে মাদকাসক্ত ফরহাদ হোসেন টিটব শনিবার রাতে দ্বিতীয় পক্ষের স্ত্রী নুরুন্নাহার বেগমকে তার বাবার বাড়ি পন্ডিতের পোল গিয়ে মারধর করেন। পরে তিনি ঘুমিয়ে পড়লে ক্ষিপ্ত নুরুন্নাহার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে মরদেহ কয়েক টুকরো করে একটি হাঁড়িতে রেখে দেন। সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে ট্রিপল নাইন-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে ও লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, নুরুন্নাহার বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। তিনি জানান, টিটব মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার নামে থানায় একাধিক মাদক, হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। তাকে তার দ্বিতীয় স্ত্রী অনেকবার পুলিশে ধরিয়েও দিয়েছিল।

তার প্রথম স্ত্রী মাহামুদা বেগম তুহিনের সংসারে এক মেয়ে ও দুই ছেলে এবং দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমের সংসারে ৮ বছরের এক ছেলে রয়েছে।