উখিয়ায় ৬ রোহিঙ্গা হত্যা গ্রেপ্তার ১০

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় দুদিনে ১০ আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা। এর মধ্যে পাঁচজন এজাহারনামীয়, অন্যদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান।

রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘কক্সবাজার ৮নং আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকেই ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সদস্যরা হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করে এবং অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচজনসহ হামলার সঙ্গে জড়িত সন্দেহে  অপর পাঁচজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর মধ্যে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত মুজিবুর রহমানের বিরুদ্ধে উখিয়ায় থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থানায় নিহত রোহিঙ্গা আজিজুল হকের পিতা নুরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। এ সময় অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

‘গত ২২ অক্টোবর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৮ এর এইস-৫২ ব্লকে অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়াহ’ মাদ্রাসায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় অবস্থানরত মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ভলানটিয়ারসহ ৬ জন নিহত হয়।