ওয়াসিম আকরাম-শহীদ আফ্রিদির মতো কিংবদন্তিরা যা করতে পারেননি, সেই কাজ করে দেখালেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-শাহীন আফ্রিদিরা। বিশ্বকাপ মঞ্চে ব্যর্থতার বৃত্ত ভেঙে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভসে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দলের এই বিশাল জয়ে অধিনায়ক বাবর ও পেসার শাহীন আফ্রিদির পাশাপাশি সামনে থেকে দলের জয়ে অবদান রাখেন উইকেটরক্ষক রিজওয়ান।
বাবরের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার আগে প্রার্থনায় দেখা গিয়েছিল ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষককে।
ভারতের ইনিংসের সময় ড্রিংকস বিরতিতে হেলমেট-গ্লাভস পাশে খুলে রেখে মাঠেই মাগরিবের নামাজ পড়েন রিজওয়ান। তার সেই নামাজ আদায়ের ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
খোদ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিজওয়ানের নামাজ পড়ার এক ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ সেই মাথাকে কখনো নিচু হতে দেন না, যে আগেই উনার কাছে মাথা নিচু করেন।’
আল্লাহ ঠিকই রিজওয়ানের প্রার্থনা কবুল করেছেন। নিজে ব্যাট হাতে জয়ে বড় অবদান রাখার পাশাপাশি পাকিস্তানও পেয়েছে ঐতিহাসিক জয়।