সংবাদ সম্মেলনে কাদের

অপপ্রচারই বিএনপির শেষ আশ্রয়স্থল

যেকোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ  সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। এ ধরনের কল্পিত ও অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা।

গতকাল মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‘কুমিল্লাসহ বিভিন্ন পূজামন্ডপে হামলা সরকারের নীলনকশা, সরকার হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এসব অভিযোগ বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়। পূজাম-পে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে। তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত। যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে?  আর তা করে সরকারের কী লাভ?

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজামন্ডপে হামলার বিচার তারা চাননি। ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে। এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড। তাছাড়া ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াননি অথচ এখন প্রায় দুই সপ্তাহ পর বিএনপিদলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছে। ঘটনার রেশ কেটে যাওয়ার পর এই লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে।

‘সরকার পুরোহিতদের বিএনপি নেতাদের সাথে কথা বলতে বাধা দিয়েছে’ বিএনপি নেতাদের এ অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এমন সৃজনশীল মিথ্যাচার বিএনপির মুখেই মানায়।’